বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখাতে ১৬টি টহল টিম ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার (১০ জুন) দুপুর ১২টার দিকে বরিশাল নগরের রুপাতলীস্থ র্যাব-৮ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহামুদুল হাসান বলেন, ' নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শনিবার সকাল ৬টা থেকে র্যাব-৮ এর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। যেখানে পুরো নির্বাচনে নগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মোট ১৬টি টিম থাকবে।
এ ছাড়া শহরে প্রবেশ ও বাইরের পথসহ বিভিন্ন স্থানে র্যাবের চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সাদা পোষাকে গোয়েন্দারা কাজ করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, বরিশাল সিটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে যে কোনো অপ তৎপরতা কঠোরভাবে দমন করা হবে।
এদিকে জেলা ম্যাজিস্ট্রেট ও বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, রবিবার (১১ জুন) থেকে বিজিবির সদস্যরা মাঠপর্যায়ে নিজেদের কাজ শুরু করবেন।