ঘাটাইল বিটিএর নির্বাচনে সভাপতি হাসান আলী, সম্পাদক আ. বাছেদ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মুহাম্মদ হাসান আলী এবং সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ আ. বাছেদ নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) ঘাটাইলে সমিতির কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। দীর্ঘ গণনা শেষে রাত ১২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে মুহাম্মদ হাসান আলী ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার তাহাজ্জত হোসেন পেয়েছেন ২৯৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ আ. বাছেদ ৪২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জহুরুল হক শামীম পেয়েছেন ২৪৪ ভোট।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বাংলাদেশ শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। শিক্ষকেরা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত ১২টায় ফলাফল প্রকাশ করা হয়।

নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আব্দুস ছামাদ, মো. আমিনুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুব, মসলিম উদ্দিন, মুহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ হারুন অর রশিদ ও মোহাম্মদ হায়াত মাহমুদ খান।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল মোমেন ৩৯৯ ভোট এবং মোহাম্মদ ছাইফুল ইসলাম ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. উজ্জ্বল হোসেন পেয়েছেন ৩৬০ ভোট।

অর্থ সম্পাদক পদে মো. রুহুল আমিন কমরেড ৩৩১ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. মনিনুল হক মিলন ৫১৫ ভোট, দপ্তর সম্পাদক পদে মো. এনামুল হক ৪২১ ভোট এবং সমাজকল্যাণ সম্পাদক পদে মো. ইয়ামিন হাসান ৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মহিলাবিষয়ক সম্পাদক পদে উম্মে সোনিয়া ৪৯৯ ভোট এবং সহদপ্তর সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম ৩৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মো. মঈন উদ্দিন মঈন, আইন সম্পাদক পদে মো. জামাল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে বছির উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. রেজাউল করিম, সহসাংগঠনিক সম্পাদক পদে মো. হাবিবুর রহমান এবং সহশিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মো. খোকন সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব পাওয়া নতুন কমিটির কাছে শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং স্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, নতুন নেতৃত্ব শিক্ষকদের ঐক্যবদ্ধ করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে এবং পেশাগত উন্নয়নে ভূমিকা রাখবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত