পাকুন্দিয়ায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভূঁইয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন (রফিকুল মেম্বার) ও বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন সরকার।
পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ভিপি ফরিদ উদ্দিন বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের কিশোরগঞ্জে আসা উপলক্ষে পাটুয়াভাঙ্গার দরগাহ বাজারে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিনের বাসায় প্রস্তুতি সভা ছিল। সভা শেষ করে বাড়ি ফেরার পথে তাদের সিএনজিচালিত অটোরিকশার পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে বর্তমান সাংসদ নুর মোহাম্মদের অনুসারীরা হামলা চালায়। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এখলাস উদ্দিন, বর্তমান সহ-সভাপতি আরমিন মিয়া, ছাত্রলীগ নেতা পাপ্পু ও সাকিবুল হাসান মুন্নার নেতৃত্বে এ হামলা চালানো হয়।
হামলায় হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন সরকার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাদের কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এদিকে হামলার বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ নেতা আরমিন আহমেদ বলেন, শুক্রবার আমরা এমপি নূর মোহাম্মদ সাহেবের কটিয়াদীর বাড়িতে গিয়েছিলাম। পরে বাড়িতে এসে আর বের হইনি। আমার বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগ আনা হয়েছে।
পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন বলেন, এ বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।