সিংগাইরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

মানিকগঞ্জের সিংগাইরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালিয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে। হামলায় আহত আব্দুল গফুর (৪৫) উপজেলার চান্দহর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

হামলার শিকার গফুরের স্বজনরা জানান, শনিবার (১০ জুন) গফুর ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে আটিপাড়া দেওয়ানবাড়ী মসজিদে যাচ্ছিলেন। এ সময় ওঁৎ পেতে থাকা কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপালে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা গফুরকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল জানান, সন্ত্রাসীরা গফুরের হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে।

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে। আশা করছি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনতে পারব।