প্রেমিকার বিয়ে হওয়ায় ন্যাড়া মাথায় দুধ দিয়ে গোসল

নিজের গ্রামেরই এক মেয়ের সঙ্গে কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তরুণ আহাদ আলীর (২০)। কিন্তু হুট করে মেয়েটির পরিবার অন্য একজনের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলে এবং সম্প্রতি তার বিয়ে হয়েও যায়। এতে ক্ষোভে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন আহাদ আলী।

ঘটনাটি সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়ার। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করার সময় আহাদ আলীর পরিবার ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।

চন্দনপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক জানান, পেশায় মিষ্টির দোকানের রেস্তোরাঁ শ্রমিক আহাদ গোয়ালপাড়ার রয়েল সরদারের ছেলে।

চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, গোয়ালপাড়ার আহাদ আলীর সঙ্গে একই গ্রামের এক মেয়ের কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি, ওই মেয়েটির বিয়ে হয়ে যায়। এরপর আহাদ আলী মানসিকভাবে ভেঙে পড়েন। ক্ষোভ ও অভিমানে আহাদ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন।

চেয়ারম্যান ডালিম আরও বলেন, পরিবার ও আশপাশের লোকজনের উপস্থিতিতে আহাদ কাজটি করেন। বর্তমানে আহাদ আলী বাড়িতেই অবস্থান করছেন।