রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তারা হলেনÑ রাজশাহী নগরীর মেহেরচ-ি এলাকার সাইদুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সাইম (১৭) ও দরগাপাড়া এলাকার মৃত খাজা মইন উদ্দিনের ছেলে রিফাত খন্দকার (১৭)। রিফাত ও সারোয়ার রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। খবর পেয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে কাজ শুরু করে।
রাজশাহীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, চারজন শিক্ষার্থী বেলা ১১টার দিকে পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে রিফাত ও সারোয়ার তলিয়ে যায়। তারা দুজন সাঁতার জানত না। তাদের সঙ্গে থাকা দুই শিক্ষার্থী পাড়ে এসে আশপাশের লোকজনকে বিষয়টি জানালে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে নদীতে নামেন। পরে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত ডুবুরিরা চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করতে পারেননি।