গরু নিয়ে পালানোর সময় দুই চোর আটক

কুমিল্লার নাঙ্গলকোটে সিএনজি চালিত অটোরিকশায় করে গরু নিয়ে যাওয়ার সময় দুই চোরকে আটক করেছে পুলিশ।

রবিবার (১১ জুন) ভোর রাতে উপজেলার মক্রবপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি গাভি, চাপাতি, দেশীয় ছুরি ও সিএনজি উদ্ধার করা হয়।

আটককৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হল, লালমাই উপজেলার বাগমারা গ্রামের রফিক মুহুরি বাড়ির সুলতান আহম্মদের ছেলে শাহজাহান (৩২) ও দেবীদ্বার পৌরসভার ফতেহাবাদ গ্রামের মৃত. আব্দুর রহিমের ছেলে খায়রুল আমিন (২৪)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে শনিবার রাতে নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক কামাল হোসেন ও এএসআই আবুল কাশেম মক্রবপুর বাজার এলাকায় রাত্রীকালিন ডিউটি পালন করছিলেন। রবিবার ভোর রাতের দিকে সিএনজি চালিত ২টি সিএনজি প্রচণ্ড গতিতে ছুটছে দেখে তাদের ধাওয়া করে পুলিশ।

এক পর্যায়ে একটি সিএনজি আটক করলে বাকিটা পালিয়ে যায়। এ সময় আটককৃত ওই সিএনজিতে থাকা একটি গাভি গরুসহ দুই চোরকে আটক করা হয়। অপর সিএনজিতে থাকা ৩ চোর পালিয়ে যায়।

আটককৃত দুই চোরের মধ্যে শাহজাহানের নামে জেলার বিভিন্ন থানায় চুরি ডাকাতিসহ ৬ টি মামলা রয়েছে। এ ঘটনায় নাঙ্গলকোট থানায় উপপরিদর্শক কামাল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

কোরবানির ঈদকে সামনে রেখে নাঙ্গলকোট থানা এলাকায় চুরি বেড়ে যাওয়ায় উপজেলা বাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি মো.ফারুক হোসেন বলেন, টহলরত অবস্থায় পুলিশ ওই চোরদের ধাওয়া করে আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চুরি ডাকাতি ঠেকাতে প্রতি রাতে উপজেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ।