খুনিদের ফাঁসির দাবিতে মুন্সীগঞ্জে সড়ক অবরোধ

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে মতিউর রহমান কালাই (৫৫) হত্যাকাণ্ডে খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ শহরের প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কে নয়াগাঁও পূর্বপাড়া সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করেন তারা। পরে তারা সড়কের রাস্তা অবরোধ করেন। দুপুর ১টার দিকে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আনসারুজ্জামান খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।

এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার রাতে সদর থানায় হত্যা মামলা করা হয়েছে। নিহতের বড় ছেলে আসিফ হোসেন মাদককারবারি দীল মোহাম্মদ দিলাকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে এ মামলা করেন।

মানববন্ধন ও সড়ক অবরোধ চলাকালে নিহতের ভাগনে আমির হোসেন বলেন, নয়াগাঁও পূর্বপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন দীল মোহাম্মদ দিলা ও তার দুই ছেলে জুবায়ের ও জিহাদ।  মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদককারবারিরা আমার মামাকে কুপিয়ে হত্যা করেন। একই সঙ্গে আমার মামাতো ভাই শাকিলকে কোপায়। আমরা মাদককারবারিদের ফাঁসির দাবি জানাই।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জাহিদ হাসান, যুবলীগ কর্মী সাইদুজ্জামান সোহেল, ছাত্রলীগ কর্মী আল-আমিন চপল, মুক্তার হোসাইন, সেলিম মোল্লা, নিহতের ছেলে মো. শাকিল ও মেয়ে মোহনা।

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নয়াগাঁও পূর্বপাড়া গ্রামে ছেলে শাকিলকে (২৩) কোপানোর পর দুপুর সাড়ে ১২টার দিকে বাবা মতিউর রহমান কালাইকে (৫৫) হত্যা করে মাদক কারবারিরা।