চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছেন। গত শনিবার রাতে তাদের আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। ওই দুই নেতাসহ ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মোহাম্মদপুর থানায় চাঁদাবাজির মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

গ্রেপ্তাররা হলেন ঢাকা মহানগর উত্তর ১০০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বাবু ওরফে ভাঙাড়ি বাবু (৩২) ও কবির ওরফে দাঁতভাঙা কবির (৩০)।

মামলার এজাহারে বলা হয়েছে, মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার বি ব্লকে অভিজিৎ কুমার সেনগুপ্ত (৬০) নামে এক ব্যবসায়ী তার বাড়িতে ইলেকট্রিকের কাজ করাচ্ছিলেন। এ সময় বাবু ও কবিরসহ ৫-৬ জন ওই ব্যবসায়ীর বাসায় গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে ইলেকট্রিক মিস্ত্রিদের মারধর করেন। মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ দেশ রূপান্তরকে বলেন, ‘চাঁদাবাজির মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।’