গাজীপুরে কাঁচাবাজার উচ্ছেদ করতে সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন স্থানীয় কাঁচামাল আড়তদার মালিক গ্রুপের সদস্যরা।
গতকাল রবিবার দুপুরে মহানগরীর চান্দনা চৌরাস্তা কাঁচাবাজার মালিক সমিতির অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গাজীপুর কাঁচামাল আড়তদার মালিক গ্রুপের সভাপতি আবদুস সোবহান অভিযোগ করে বলেন, এলাকার প্রভাবশালী নূরুল হক ও তার সহযোগীরা আমাকে এবং মালিক গ্রুপের সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করছে। তারা শান্তিপূর্ণ ও বৈধভাবে পরিচালিত এ কাঁচাবাজারে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বাজার থেকে আমাদের উচ্ছেদের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, সম্পূর্ণ নিয়মনীতি মেনে সরকারিভাবে নিবন্ধনকৃত এ বাজারটিতে প্রায় ১৯ বছর ধরে বৈধভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হচ্ছে। নূরুল হক ও তার সহযোগীরা কাঁচাবাজার ও বাজারের ব্যবসায়ীদের উচ্ছেদে মিথ্যা মামলাসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছে।