ফেসবুক আইডি হ্যাক করে র্যাব কর্মকর্তা সেজে টাকা দাবির অভিযোগে সাভার মডেল কলেজের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আশরাফুল প্রত্যয় ওরফে লুনেটিক প্রত্যয়। গতকাল রবিবার সাভারের বাসস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, লোভনীয় লিংক বিভিন্ন মেসেঞ্জারে পাঠান আশরাফুল। কেউ সেগুলো ক্লিক করলেই তার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। পরে র্যাব কর্মকর্তা সেজে সেই আইডি উদ্ধারের নামে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিত সে।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আশরাফুল নিজেকে গেমার পরিচয় দিলেও সে মূলত হ্যাকার। মানুষের মেসেঞ্জারে লাখ টাকার জ্যাকপট, মিলিয়ন ডলারের লটারি ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে প্রতিদিন ২০০ ডলার গেম খেলে টাকা আয় ইত্যাদি লোভনীয় লিংক পাঠায়। ওসি আরও বলেন, একই কায়দায় সে ফাইয়াজ রহমান নামে এক শিক্ষার্থীর ফেসবুক আইডি হ্যাক করার পরে আইডি উদ্ধারের জন্য তার কাছে সাড়ে ১৩ হাজার টাকা দাবি করে। ফাইয়াজ অভিযোগ করলে সাভারের বাসস্টেশন এলাকা থেকে প্রত্যয়কে গ্রেপ্তার করা হয়।