ঢাকার সড়কে দুর্ঘটনাপ্রবণ স্থান শনাক্ত শুরু

ঢাকা শহরে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে দুর্ঘটনাপ্রবণ স্থান শনাক্তের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণসহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ ও জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগে এ কার্যক্রম শুরু হয়েছে। ডিএমপি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সঙ্গে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় এ কার্যক্রম শুরু করেছে।

গতকাল সোমবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে ডিআরএসপির তৃতীয় যৌথ সমন্বয় কমিটির সভায় দুর্ঘটনাপ্রবণ স্থান শনাক্তকরণসহ বিভিন্ন বিষয়টি অবগত করা হয়।

সভা শেষে ডিআরএসপির পরিচালক ও ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ট্রাফিক ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি থেকে ঢাকা শহর চ্যালেঞ্জিং জায়গায় রয়েছে। কারণ ঢাকায় বহুবিধ যানবাহন চলাচল করে। কোনোটা ধীরে আবার কোনোটা দ্রুত চলে। যন্ত্রচালিত ও যন্ত্রবিহীন সব যানবাহনই এখানে চলে। একেক জায়গায় রাস্তার ধরন একেক রকম, যানবাহনও একেক রকম। ফলে রাস্তায় বের হলে জনগণের যদি বিন্দুমাত্র ট্রাফিক নিয়ম সম্পর্কে ধারণা থাকে তাহলে সেফটি সিকিউরিটিসহ সড়কের অন্যদের জন্য ভালো হবে। ন্যূনতম সচেতনতা যেন সবার মধ্যে তৈরি হয় সেজন্য আমরা স্কুলপর্যায় থেকে শুরু করেছি।’

ডিআরএসপি নগরবাসীকে কীভাবে উপকৃত করবে জানতে চাইলে মুনিবুর রহমান বলেন, ‘এই প্রজেক্টের তিনটি আউটপুট আছে। সেফটি এডুকেশন, ট্রাফিক অ্যাকসিডেন্ট রিপোর্ট অ্যানালাইসিস ও ট্রাফিক এনফোর্সমেন্ট বাস্তবায়ন করা।’