বালু ভরাটকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

ড্রেজার মেশিন বসিয়ে বালু ভরাটের ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রবিবার রাতে সাভার পৌরসভার বাড্ডা অগ্রণী হাউজিং সোসাইটি এলাকায় স্থানীয় ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ ও স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন সাভার পৌরসভার বক্তারপুর পোড়াবাড়ী এলাকার মো. সুজন মিয়া, কাঞ্চনপুর এলাকার মিনারুল, বেদেপাড়া এলাকার নাসিমা ও ছালাম মিয়া। সুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে নজরুল ইসলামকে (৩৬) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সুজন মিয়া বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন।