যুক্তরাজ্যের নটিংহ্যাম সিটি সেন্টারে রাস্তায় তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া আহত অবস্থায় পাওয়া গেছে তিনজনকে। এটিকে তাৎক্ষণিকভাবে ‘গুরুতর ঘটনা’ আখ্যা দিয়েছে পুলিশ।
এ ঘটনায় তিনজনকে হত্যার সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এক বিবৃতিতে নটিংহ্যামশায়ার পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে পুলিশের কাছে ফোন আসে, এরপর ইলকেস্টন রোডে গিয়ে রাস্তায় দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া মাগডালা রোডেও একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, মিল্টন স্ট্রিটে অন্য তিনজনকে গাড়িচাপা দেওয়ার চেষ্টা করা হয়। ওই ঘটনায় তিন ব্যক্তি হাসপাতালে রয়েছেন।
নটিংহ্যামশায়ারের প্রধান কনস্টেবল কেট মেনেল বলেন, ‘এটি একটি ভয়ংকর এবং দুঃখজনক ঘটনা যা তিনজনের জীবন কেড়ে নিয়েছে। তিনি আরও জানান, আমাদের ধারণা এই তিনটি ঘটনাই জড়িত এবং একজন লোককে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে গোয়েন্দারা বলে জানান কেট মেনেল।