বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, জনসাধারণ বিপুল ভোট দিয়ে বিজয়ী করেছেন। বাধা-বিপত্তি উপেক্ষা করে তারা আমাকে গ্রহণ করেছেন, এ জন্য আমি চিরকৃতজ্ঞ।
মঙ্গলবার (১৩ জুন) বেলা ১২টার নিউ সার্কুলার রোডের বাসায় তিনি সাংবাদিকদের এসব বলেন।
খোকন সেরনিয়াবাত নগরবাসীর উদ্দেশ্যে বলেন, সর্বস্তরের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার মর্যাদা রক্ষা করব। আমার ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে নগরবাসীর স্বপ্নপূরণ করব। তারা আমাকে বিশ্বাস করেছে, সেই বিশ্বাস আমি রক্ষা করব।
এ সময় বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে নবনির্বাচিত মেয়রকে বরণ করেন নেতাকর্মীরা।
পরে নৌকার নির্বাচনী প্রধান কার্যালয়ে খোকন সেরনিয়াবাত ও তার স্ত্রী লুনা আব্দুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাড. বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আফজালুল করিম, কেবিএস আহম্মেদ কবির, অ্যাড. লস্কর নুরুল হক, অ্যাড. আনিচ উদ্দিন সহিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ শাহাব, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. শাহজাহান হাওলাদার, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজাম উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক নবনির্বাচিত কাউন্সিলর শাহিন সিকদার ও নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন।