কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ছেন এমন গুঞ্জন প্রায়ই ওঠে। দলবদল শেষে দেখা যায় তিনি প্যারিসেই আছেন। তবে এবার বোধহয় সত্যিই এমবাপ্পে-পিএসজি সম্পর্ক শেষ হতে যাচ্ছে। লে’কিপসহ ইউরোপীয় গণমাধ্যমে খবর চুক্তির মেয়াদ শেষে পিএসজি ছাড়তে চান এমবাপ্পে। আর ফ্রি-ট্রান্সফারে ফরাসি ফরোয়ার্ডকে যেতে দিতে রাজি নয় পিএসজি। তাই নতুন চুক্তি না করলে এই গ্রীষ্মের দলবদলে উঠবে এমবাপ্পের নাম।
লে’কিপ জানিয়েছে, রিলিজ ক্লজ হিসেবে পিএসজির চাওয়া ১৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৭৫৩ কোটি ৬২ লাখ টাকার বেশি। অথচ এক মৌসুম আগেই অবিশ্বাস্য বেতন-বোনাস ও শর্ত দিয়ে এমবাপ্পেকে দলে রেখেছিল পিএসজি।
এমবাপ্পের সঙ্গে পিএসজির নতুন চুক্তিটা ছিল মূলত দুই বছরের। সেখানে একটি শর্ত ছিল, এমবাপ্পে চাইলে চুক্তিটা আরও এক বছর বাড়াতে পারবেন। তবে সেই শর্ত এমবাপ্পেকে সক্রিয় করতে হবে এই বছরের জুলাইয়ের মধ্যে। এমবাপ্পে নাকি পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন। বিষয়টি জানিয়ে এরই মধ্যে ক্লাবকে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছেন।
তবে লে’কিপের এমন খবরের পর এমবাপ্পে বিবৃতি দিয়ে বললেন, চুক্তি নবায়ন নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনাই করেননি তিনি। ‘২০২৪ এর পর চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে ২০২২ সালের ১৫ জুলাইতেই পিএসজিকে জানানো হয়েছে। আগে আমি তাদের যা বলেছি, সেটি নিশ্চিত করার জন্যই কেবল চিঠিটা পাঠানো হয়েছে।’
তবে এরপর টুইটে এমবাপ্পে জানান তিনি আসছে মৌসুমে পিএসজি ছাড়বেন না। ‘মিথ্যা। আমি এরই মধ্যে বলেছি পরবর্তী মৌসুমে পিএসজিতে খেলব। এখানে আমি খুশি আছি।’ এমবাপ্পের এমন টুইট ও বিবৃতিতে যে বিষয়টি দাঁড়ায় সেটি হলো এই মৌসুম নয় পরবর্তী মৌসুমে ক্লাব ছাড়তে চান তিনি।
নতুন চুক্তি না করলে পরবর্তী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে যাবেন ২৪ বছরের এমবাপ্পে। তাকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়তে রাজি নন পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি। সে কারণেই এই মৌসুমেই এমবাপ্পেকে ছাড়তে পারে পিএসজি।