‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’ নামে একটি সংস্থার ‘কমিশন’ শব্দটি ব্যবহার করে চাঁদাবাজি, প্রতারণাসহ নানা অপরাধ কর্মকা-ের বিষয়ে সতর্ক করেছে জাতীয় মানবাধিকার কমিশন। গতকাল মঙ্গলবার কারওয়ান বাজারে সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই সংগঠনের প্রতারণার নানা ঘটনা তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে কমিশনের উপপরিচালক এম রবিউল ইসলাম বলেন, বাংলাদেশ মানবাধিকার সংস্থাটি ‘কমিশন’ শব্দটি ব্যবহার করে দেশে-বিদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কাছে নিজেদের বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা হিসেবে পরিচয় দিচ্ছে। এমনকি তারা জাতিসংঘ মানবাধিকার কমিশন কর্র্তৃক নিবন্ধিত বলে প্রচার করছে। যদিও জাতিসংঘের এ ধরনের কোনো সংস্থা নেই। তিনি বলেন, উচ্চ আদালত এক রায়ে সংস্থাটির নামের শেষে ‘কমিশন’ কিংবা বিএইচআরসি শব্দ ব্যবহার করতে পারবে না বলে আদেশ দিলেও, তারা এ আদেশ মানছে না। এ নিয়ে রাষ্ট্রীয় সংস্থা জাতীয় মানবাধিকার কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।