কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোমতী নদীতে শেখ রাসেল ১৯তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। প্রতিযোগিতা শেষে নৌপ্রধান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শামীম আলম। এ ছাড়া অন্যদের মধ্যে কমান্ডার ঢাকা নৌ-অঞ্চল ও বাংলাদেশ নৌ-ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীম, পুলিশ সুপার আবদুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন প্রমুখ।
গতকাল চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত বিভিন্ন বয়সের সাতজন পুরুষ ও ছয়জন নারী সাঁতারু অংশ নেন।
পুরুষ বিভাগে ১ ঘণ্টা ৩৯ মিনিট ৪৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান নিজের দখলে নিলেন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ এবং নারী বিভাগে ১ ঘণ্টা ১৩ মিনিট ২০ সেকেন্ডে প্রথম স্থান দখল করেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার।