পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর অস্থায়ী হাট ইজারা দেওয়ার ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আবেদনের ওপর শুনানি নিয়ে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চে এর শুনানি হয়।
আপিল বিভাগের এই আদেশের ফলে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওই এলাকায় কোরবানির পশুরহাট বসবে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।
আফতাবনগরে (বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরের ব্লক বি থেকে এইচ পর্যন্ত খালি জায়গা) পশুর হাটের ইজারা চ্যালেঞ্জ করে গত ১৮ মে হাইকোর্টে রিট আবেদন করা হয়। আবেদনের ওপর শুনানি নিয়ে ২২ মে প্রথমে এক সপ্তাহ এবং পরে ২৮ মে দুই মাসের স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ডিএনসিসি।
আদালতে ডিএনসিসির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা দেশ রূপান্তরকে বলেন, ‘হাইকোর্টের আদেশটি স্থগিত করেছেন আপিল বিভাগ। এখন নিয়ম অনুযায়ী ইজারার মাধ্যমে সেখানে পশুরহাট বসবে।’ গত ২ মে কোরবানির অস্থায়ী পশুর হাটের ইজারা নিয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র ঘোষণা করে প্রকাশ করে ডিএনসিসি। এতে অস্থায়ী হাটের নামের তালিকায় আফতাবনগরের নামও উল্লেখ করা হয়। তবে আবাসিক এলাকা হওয়ায় এই তালিকায় আফতাবনগরের নাম বাদ দিতে ডিএনসিসিতে আবেদন করেন স্থানীয় বাসিন্দারা।