‘প্রতিবেদন পর্যন্ত সালাউদ্দিন বিষয়ে মতামত নয়’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন দাখিল পর্যন্ত কোনো মতামত প্রকাশ না করার নির্দেশনা এসেছে উচ্চ আদালত থেকে। সালাউদ্দিনের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বিরুদ্ধে ফিফার অর্থ নিয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। গত ১৫ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদক, বিএফআইইউ ও এনবিআরকে অনুসন্ধানের নির্দেশ দেয়। সালাউদ্দিনের বিরুদ্ধে পাবলিক ডোমেইনে ‘মিথ্যাচার’ ও ‘অসত্য’ তথ্য প্রচারের অভিযোগ করে তা অপসারণের নির্দেশনা চেয়ে গত মঙ্গলবার হাইকোর্টে একটি রিট আবেদন হয়। সালাউদ্দিনের পক্ষে আইনজীবী সাইফুল্লাহ মামুন এ আবেদনটি করেন। এতে স্বরাষ্ট্র সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, বিটিআরসি, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, বেসরকারি একাত্তর টেলিভিশ এবং বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীসহ ১৬ জনকে বিবাদী করা হয়।