কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদে গোসল করতে গিয়ে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী তানভীরের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে গড়াই নদে তার মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে। গত সোমবার বিকেলে মীর মশাররফ হোসেন সেতু সংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচে গড়াই নদে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।
নিহত তানভীর ঢাবির ফার্মেসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বরগুনা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মালেকের ছেলে তিনি।
কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর মরদেহ ডুবন্ত নৌকায় আটকে থাকার কারণে উদ্ধারে বিলম্ব হয়েছে। পরিত্যক্ত নৌকাসহ মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।