মিরাজের ফিফটি, এবাদতের সামনে শাহাদাত

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের স্পিন-পেসে কাবু হয়েছেন আফগান ব্যাটসম্যানরা। এবাদত হোসেন শিকার করেছেন ৪ উইকেটে। দুটি করে উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম। মেহেদি হাসান মিরাজ নিয়েছেন সমান সংখ্যক উইকেট।

তাতে ক্রিকেটের কুলিন সংস্করণে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন মিরাজ। সঙ্গে মিরপুরে করেছেন উইকেটের ফিফটি। এই মাঠে ১৪ উইকেট স্পর্শ করেছেন পেসার এবাদত। তার সামনে আছেন শুধুই বাংলাদেশের পেসার শাহাদাত হোসেন রাজীব।

পেসারদের মধ্যে মিরপুরে সবচেয়ে বেশি উইকেট ভারতীয় সাবেক পেসার জহির খানের। দেশের হোম অব ক্রিকেটে তিনি খেলেছেন মাত্র ২ টেস্ট। তাতেই শিকার করেন ১৭ উইকেট। এই মাঠে তার আছে একটি রেকর্ডও। বাংলাদেশের বিপক্ষে ২০১০ সালের টেস্টে ৮৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন। যা পেসারদের মধ্যে সেরা।

দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশের সাবেক পেসার শাহাদাত হোসেন। ৯ ম্যাচ খেলে এখান থেকে তিনি আদায় করেছেন ১৬ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৮ সালে ২৭ রানে ৬ উইকেট ক্যারিয়ার সেরা বোলিং তার। আফগানদের বিপক্ষে আজ চার উইকেট নিয়ে এখানে এবাদতের উইকেট সংখ্যা ১৪। আর মাত্র দুটি উইকেট পেলে ছুঁয়ে ফেলবেন শাহাদাতকে। তিনটি উইকেট পেলেই ছাড়িয়ে যাবেন স্বদেশী সাবেক এই পেসারকে। তাতে স্পর্শ করবেন জহির খানকে।

এছাড়া মিরপুরে কমপক্ষে ১০ উইকেট নেওয়া পেসারদের মধ্যে আছেন বাংলাদেশের আবু জায়েদ রাহি ও দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।

মিরপুরে ২১ টেস্টে সর্বোচ্চ ৭৬ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ টেস্টে ৬৮ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। তবে মেহেদী হাসান মিরাজ মাত্র ১০ টেস্টে ৫১ উইকেট নিয়ে আছেন এই তালিকার তিন নম্বরে।