মাহিয়া-রাহাতের রক্ত ঝরল শ্রীপুরের সড়কে

গাজীপুরের শ্রীপুরে একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই স্কুল পড়ুয়া শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরও ছয়জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে আটটার দিকে মাওনা পল্লী বিদ্যুৎ মোড়ে শ্যারস কিন্ডারগার্টেন স্কুলের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে এতে চাপা পরে শিক্ষার্থী মাহিয়া আক্তার (৯) মারা যায়। অপর দিকে দুপুরে মাওনা ফ্লাইওভারের নিচে কাভার্ডভ্যান চাপায় রাহাত (৯) নামের আরেক শির্ক্ষাথীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দুটি দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশা ও কার্ভাডভ্যান আটক করেছে পুলিশ। এ দিকে পুলিশ কাভার্ডভ্যান চালককে আটক করতে পারলেও তবে অটোরিকশা চালক পালিয়ে গেছে।

নিহত শিক্ষার্থী মাহিয়া আক্তার পাশ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা এলাকার আমিনুল ইসলামের মেয়ে। তারা পাশের মুলাইদ এলাকায় ভাড়ায় থাকতো।

এদিকে নিহত অপর শিশু রাহাত মাওনার বাড়িও পাগলা এলাকার কুরচাই গ্রামে। সে ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে পরিবার নিয়ে তারা টঙ্গীতে বসবাস করতো।

দুটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস।

জানা যায়, নিহত শিশু মাহিয়া আক্তার স্থানীয় ওয়াপদা মোড় এলাকার শ্যারস কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। সকালে স্কুলের আসার সময় স্কুলের সামনেই এ দুর্ঘটনায় আহত হলে তাকে উদ্ধার করে ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ দিকে নিহত রাহাত মাওনা টঙ্গীর একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। দুপুরে টঙ্গী এলাকা থেকে পরিবারের সাথে গ্রামের বাড়ি যাওয়ার সময় রাহাত চৌরাস্তার ফ্লাইওভারের নিচে গাড়ি থেকে নামতেই একটি কাভার্ডভ্যান চাপা দেয় তাকে। পরে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে বরমী মাওনা আঞ্চলিক সড়কে স্কুল ছাত্রী মাহিয়া আক্তার পল্লী বিদ্যুৎ মোড়ে স্কুলের সামনে আসলে দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ব্রেক ফেল করে উল্টে তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।

এ দিকে দুপুর সাড়ে ১২ টার দিকে মায়ের সাথে একটি বাসে টঙ্গী থেকে এসে মাওনা চৌরাস্তায় নামে শিশু রাহাত। পরে মা-ছেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পাড় হওয়ার সময় বেপরোয়া একটি কাভার্ডভ্যান শিশু রাহাতকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাইওয়ে থানা পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস দুটি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক কাভার্ডভ্যানটি পুলিশ জব্দ করেছে। ওই গাড়ির চালককেও আটক করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে শিশু মাহিয়া নিহতের ঘটনায় অটোচালক পালিয়ে গেছে। ব্যাটারিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। স্বজনদের কাছে শিশুদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন নিহতদের পরিবারের পক্ষ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।