সম্পত্তি লিখে নিয়ে মাকে বের করে দিল ২ ছেলে

কুড়িগ্রামে মায়ের গচ্ছিত টাকা ও সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোছা. ছালেহা বেগম (৭৪) নামের ওই বৃদ্ধার দুই সন্তান ও তাদের দুই স্ত্রীকে জেল হাজাতে পাঠিয়েছে রাজারহাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বৃদ্ধার সন্তান ও স্ত্রীদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ জানায়, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের মৃত মমতাজ উদ্দিনের স্ত্রী মোছাঃ ছালেহা বেগমকে তার দুই ছেলে ও তাদের স্ত্রীরা বিভিন্ন সময় শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতেন। বৃদ্ধা ছালেহা বেগমের স্বামী মারা যাবার পর সম্পত্তি সন্তানরা নিজেদের নামে লিখে নেন। এমন কি বৃদ্ধার সারা জীবনের সঞ্চয় ১ লক্ষ ৪০ হাজার টাকা জোরপূর্বক কেড়ে নিয়ে ঘর থেকে বের করে দেন নিজের সন্তান জাবেদ আলী ও সাদেক আলী এবং তাদের স্ত্রী মোছা. জেসমিন বেগম ও স্বপ্না বেগম।

পরে রাজারহাট থানা পুলিশ তাৎক্ষণিকভাবে বিধবা বৃদ্ধা ছালেহা বেগমের অভিযোগ আমলে নিয়ে সন্তানদের ও প্ররোচণা দানকারী স্ত্রীদের গ্রেপ্তার করে পিতা মাতার ভরণপোষণ আইনে তাদের কারাগারে প্রেরণ করেন।

ছালেহা বেগম বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর সন্তানরা আমাকে ফুসলিয়ে সম্পত্তি তাদের নামে লিখে নেন। আমার ভরনপোষণ দেয়ার কথা বলে বিভিন্ন অজুহাতে আমার টাকা কেড়ে নিত। টাকা না দিলে সন্তান আর বৌয়েরা মিলে আমার সাথে নানান রকম শারীরিক ও মানসিক নির্যাতন করতো। সম্পত্তি লিখে নেয়ার পরও তারা ভালো হয় নাই। আমার গচ্ছিত শেষ সম্বল ১ লাখ ৪০ হাজার টাকা ওরা কেড়ে নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, বৃদ্ধার অভিযোগ আমলে নিয়ে পিতামাতার ভরণপোষণ আইনে সন্তান ও তাদের স্ত্রীদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও সুষ্ঠু বিচার নিশ্চিত করার লক্ষ্যে তদন্তের কাজ চলমান রয়েছে।