১১ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ চারজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে ভারত থেকে আনা ১০ হাজার ৭৫০ কেজি চিনি গতকাল শুক্রবার দুপুরে জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশ একটি কাভার্ড ভ্যান ও দুটি পিকআপ ভ্যান জব্দ করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাসুদ পারভেজ (৩২), টিপু সরকার (৩০), মামুন মিয়া (২৫) ও সোহাগ সরদার (২৫)। তাদের গতকাল বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে ভারত থেকে ১০ হাজার ৭৫০ কেজি চিনি এনে কসবা উপজেলার কুটি মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা কলেজের সামনে মাঠে একটি কাভার্ড ভ্যান ও দুটি পিকআপ ভ্যানে বোঝাই করে পাচার করার জন্য রাখা হয়। গোপন সূত্রে কসবা থানার পুলিশ খবর পেয়ে শুক্রবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে ভারতীয় ১০ হাজার ৭৫০ কেজি চিনি, একটি বড় কাভার্ড ভ্যান এবং দুটি পিকআপ ভ্যান জব্দ করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই চার ব্যক্তির বিরুদ্ধে এসআই দিপক চন্দ্র নাথ বাদী হয়ে মামলা করেন।

কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, একটি বড় কাভার্ড ভ্যান এবং দুটি পিকআপ ভ্যানে করে পাচার করার সময় চিনিগুলো জব্দ করেছে পুলিশ।