মিরপুরে বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। দিনে ৯০ ওভার করে খেলা হওয়ার নিয়ম থাকলেও ৩ দিনে খেলা হয়েছে মোট ২১৬ ওভার। বৃষ্টি বা প্রাকৃতিক কোনো কারণে দিনের খেলা শুরু হতে দেরিও হয়নি বা খেলা বন্ধও থাকেনি। এমন পরিস্থিতিতে ৫ দিনের আগে খেলা শেষ হলেও স্লো-ওভার রেটের কারণে জরিমানা হতে পারে দুই দলেরই।
সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া ও ভারত দুই দলকেই মোটা অঙ্কের জরিমানা করা হয় স্লো-ওভার রেটের জন্য। বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেটার নিয়ামুর রশীদ রাহুল দেশের মাটিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে ম্যাচ রেফারির ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচেও ক্রিকেটারদের অর্থদ- হতে পারে কি না এই প্রসঙ্গে রাহুল জানিয়েছেন, ‘অনেকগুলো ব্যাপারই দেখা হয়। আম্পায়ারদের এখন এই জিনিসগুলো ম্যানুয়ালি করতে হয় না, অটোম্যাটিক সিস্টেমে এসব চলে আসে যা আইসিসিও চাইলে দেখতে পারে। খেলা কত ওভার হয়েছে, কেন ইন্টারাপশন হয়েছে, কতক্ষণ খেলার সময় নষ্ট হয়েছে এসব রেকর্ড থাকে। চার মিনিটে এক ওভার করার স্ট্যান্ডার্ড নিয়ম।’
এই ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন ইংল্যান্ডের ক্রিস ব্রড। অত্যন্ত কড়া ম্যাচ রেফারি হিসেবেই পরিচিত এই ইংরেজ সাবেক ক্রিকেটার শাস্তি দিয়েছেন নিজের ছেলে স্টুয়ার্ট ব্রডকেও। ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে মাঠে আপত্তিকর ভাষা ব্যবহারের কারণে স্টুয়ার্ট ব্রডকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছিলেন ক্রিস ব্রড।
রাহুল আরও জানান, ‘টেস্ট হচ্ছে সময়ের খেলা। এখানে দিনে ৬ ঘণ্টায় ৯০ ওভার করতে হবে। এর চেয়ে পিছিয়ে পড়লে মাঠের আম্পায়াররা দেখবেন। তারা যদি যৌক্তিক কারণ খুঁজে না পান তাহলে অভিযোগ জানাতে পারেন।’ সরাসরি রাহুল অবশ্য বলেননি এই টেস্টে বাংলাদেশ বা আফগানিস্তানের ক্রিকেটারদের জরিমানা হবে কি না, কারণ তাদের একটি আচরণবিধি রয়েছে।
তবে জানিয়েছেন নিয়মের ব্যত্যয় হলে জরিমানার বিধান আছে, যদিও অনেক সময় দুই দেশের কর্মকর্তারা ম্যাচ শুরুর আগে স্ট্যান্ডার্ড প্লেইং কন্ডিশন ঠিক রেখে কিছু অদল বদল করতে পারেন। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস টেস্ট ম্যাচের আগে সাংবাদিকদের জানিয়েছিলেন প্রচন্ড গরমের কারণে পানি পানের বিরতি একটু বাড়ানো হবে এই ম্যাচে। তবুও সবকিছু মিলিয়ে ৩ দিনের খেলা শেষে ৫৪ ওভার পিছিয়ে থাকায় শাস্তি হতে পারে দুই দলেরই।