বাগেরহাটের মোংলায় বসতঘরে আগুন লেগে ঘুমন্ত স্বামী-স্ত্রীসহ তাদের দুই শিশুসন্তান দগ্ধ হয়েছেন। গত শুক্রবার গভীর রাতে উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের জয়নাল খাঁনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের বাসিন্দা জয়নাল খাঁন (৩৮), তার স্ত্রী কাকলী বেগম (৩৪), ছেলে জিহাদুল ইসলাম (৩) ও মেয়ে বৃষ্টি আক্তার (১৮)। দগ্ধদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার গভীর রাতে লাগা আগুনে দগ্ধদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে এনে পরিবারের সবাইকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খুলনা মেডিকেলে পাঠান।
এদিকে, এ ঘটনায় ফায়ার সার্ভিসে কল করা হলেও তারা ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
মোংলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্তব্যরত ডিউটিম্যান জাহিদ হাসান বলেন, রাত ৩টা ১৫ মিনিটে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই। কিন্তু তার আগেই আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে বলে পথিমধ্যে এমন ফোন পেয়ে আমরা ফিরে আসি।