বিষপ্রয়োগে ৩০০ হাঁসের বাচ্চা হত্যা

নীলফামারী সদরে পূর্বশত্রুতার জেরে বিষপ্রয়োগে ৬০ দিন বয়সের প্রায় ৩০০ হাঁসের বাচ্চা হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার ভোরে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামের আবদুর রহমানের ছেলে নুরুজ্জামান হোসেন নুরুর হাঁসের খামারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নুরুজ্জামান নুরু এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নুরুজ্জামান নুরু জানান, ‘আমার খামারে ৬০ দিন বয়সের ৫০০ হাঁসের বাচ্চা ছিল। গত শুক্রবার রাত ১টা পর্যন্ত আমি খামারেই ছিলাম। এরপর বাসায় এসে ঘুমিয়ে পড়ি। ভোর ৬টার দিকে গিয়ে দেখি খামারের দরজার তালা ভাঙা ও ৩০০ হাঁসের বাচ্চা মরে পড়ে আছে এবং বাকি ২০০ হাঁসের বাচ্চা টলমল করছিল। তাদের দ্রুত চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়।’

স্থানীয় পশু চিকিৎসক সাদ্দাম হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি হাঁসের খাবারে বিষ মেশানো। পরে সেগুলো সরিয়ে ফেলা হয়। বাকি ২০০ হাঁস চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়।