ছুটির দিনে যুক্তরাষ্ট্রজুড়ে গোলাগুলি, নিহত ৬

সপ্তাহে শেষ কর্মদিবসের পর ছুটির দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পেনসিলভানিয়া রাজ্যের একজন সেনাসহ অন্তত ছয়জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তা সংস্থা এপি।

শনিবার রাতে ওয়াশিংটনে গানের উৎসব চলাকালীন গোলাগুলির ঘটনা ঘটেছে। জর্জ শহরের কাছে ক্যাম্পগ্রাউন্ডে মানুষের ভিড়ের মধ্যে একজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করলে দুইজন নিহত এবং অন্য দু'জন আহত হয় বলে জানিয়েছে পুলিশ জানিয়েছে।

পুলিশ অফিসের মুখপাত্র কাইল ফোরম্যান জানান, বন্দুকধারী প্রথমে ভিড়ের মধ্যে এলোপাতাড়িভাবে গুলি ছুড়ে চলে যায়। এরপর তাকে আটক করা হয়। ‘গর্জ অ্যাম্ফিথিয়েটার’-এ সেই সময় ‘বিয়ন্ড ওয়ান্ডারল্যান্ড’ নামে দুই দিনের সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়েছিল।

এ ছাড়া রবিবার ভোরে শিকাগো শহরের একটি পার্কিং লটে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শত শত মানুষ। সেখানেই বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ২৩ জন গুলিবিদ্ধ হয় এবং একজন নিহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেরিফের মুখপাত্র রবার্ট ক্যারল জানান, স্থানীয়দের জবানবন্দী নেয়া হচ্ছে। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে শনিবার মধ্য পেনসিলভানিয়া রাজ্যের পুলিশ ব্যারাকে এক বন্দুকধারীর হামলায় একজন সেনা কর্মকর্তা নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল ১১ টার দিকে সন্দেহভাজন ব্যক্তি একটি ট্রাকে করে রাস্তায় টহল গাড়িগুলিতে একটি বড়-ক্যালিবার রাইফেল দিয়ে গুলি চালায় বলে জানায় কর্তৃপক্ষ।

এ ঘটনায় ৪৫ বছর বয়সী লেফটেন্যান্ট জেমস ওয়াগনার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ২৯ বছর বয়সী জ্যাক রুগেউ জুনিয়র বন্দুকের গুলিতে নিহত হন। পরে বন্দুকযুদ্ধের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয় বলে জানায় আরেক সেনা কর্মকর্তা।

এ ছাড়া শহরের কেন্দ্রস্থল সেন্ট লুই অফিস ভবনে রবিবার ভোরে বন্দুকধারীর গুলিতে একজন ১৭ বছর বয়সী কিশোর নিহত এবং আরও নয়জন কিশোর আহত হয়েছে। রবিবার বেলা ১টার দিকে কিশোররা অফিসে পার্টি করার সময় এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

পুলিশের এক মুখপাত্র বলেন, এ ঘটনায় একটি হ্যান্ডগানসহ একজন নাবালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এদিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে একটি পুল পার্টিতে গোলাগুলিতে আটজন আহত হয়েছে এবং বাল্টিমোরে শুক্রবার রাতে গুলিতে ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।