ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে ইউক্রেনকে প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহের ক্ষেত্রে এটিকে অন্যতম বড় একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৩ এএম

রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র ৫০০টি উন্নত প্রযুক্তির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। খবর বিবিসি।

শুক্রবার (৩০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সম্ভাব্য সামরিক বিক্রির প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে ইউক্রেনকে প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহের ক্ষেত্রে এটিকে অন্যতম বড় একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই ৫০০টি ক্ষেপণাস্ত্রের আনুমানিক মূল্য ২১০ কোটি মার্কিন ডলার। তবে এই ক্রয়ে যুক্তরাষ্ট্রের নিজস্ব কোনো তহবিল ব্যবহৃত হবে না। ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেন সাপোর্ট লোন এবং কানাডা, জার্মানি ও নরওয়ের অনুদানের মাধ্যমে এই অর্থের পুরোটা পরিশোধ করা হবে।

তবে অনুমোদন পেলেও ক্ষেপণাস্ত্রগুলো দ্রুত হাতে পাওয়ার সম্ভাবনা কম। অস্ত্র বিক্রির প্রক্রিয়া সাধারণত কয়েক বছর সময় নেয়। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সম্পর্কে অবগত দুজন ব্যক্তি জানিয়েছেন, অনুমোদন পাওয়া ক্ষেপণাস্ত্রগুলো এখনো উৎপাদিত হয়নি। ২০৩০-এর দশকের শুরুর কয়েক বছর আগে সেগুলো সরবরাহের সম্ভাবনা কম।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সরবরাহের সময় এগিয়ে আনতে পেন্টাগনের কাছে অনুরোধ জানাচ্ছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুত থেকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করে পরে নতুন উৎপাদিত ক্ষেপণাস্ত্র দিয়ে সেই ঘাটতি পূরণের প্রস্তাব বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন।

রাশিয়ার সামরিক বাহিনীর ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইউক্রেন দীর্ঘদিন ধরে আরও বেশি ইন্টারসেপ্টর বা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র চেয়ে আসছে। বিশেষ করে দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় প্যাট্রিয়ট ব্যবস্থা সবচেয়ে কার্যকর বলে বিবেচিত হয়।

জেলেনস্কি এই সপ্তাহের শুরুতে বলেছিলেন যে, ইউক্রেন প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদনের জন্য অপেক্ষা করছিল, যার মজুত তার দেশে মারাত্মকভাবে কমে আসছিল।

শুক্রবার রাতে এক্স-এ একটি পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের এই ঘোষণাকে স্বাগত জানালেও বলেন, ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রগুলো ‘এই মুহূর্তে’ প্রয়োজন।

তিনি বলেন, শীতের আগে রাশিয়া গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর ওপর হামলা তীব্রতর করছে এবং গত দুই সপ্তাহে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডের গুরুত্বপূর্ণ অংশগুলোতে ৩০টিরও বেশি রুশ হামলা চালিয়েছে।

কিয়েভের এই ইন্টারসেপ্টরগুলো অত্যন্ত জরুরিভাবে প্রয়োজন, কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবহারের কারণে বিশ্বজুড়ে এই অস্ত্রের ঘাটতি রয়েছে।

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের উৎপাদনসূচি কী হবে তা স্পষ্ট নয় - তবে এটা বোঝা যাচ্ছে যে, এই অর্ডারটি বিদ্যমান ক্ষেপণাস্ত্রের পরিবর্তে নতুন ক্ষেপণাস্ত্র তৈরির জন্য, যার অর্থ ইউক্রেনে কোনো ধরনের দ্রুত সরবরাহের সম্ভাবনা নেই।

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের উৎপাদন সময়ও দীর্ঘ, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মতে প্রতি বছর মাত্র ৬০০টি ক্ষেপণাস্ত্র উৎপাদিত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত