বজ্রপাতে পাথর ব্যবসায়ী ও ভাটা শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইউসুফ আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খেকিপাড়া এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। ইউসুফ আলী একই এলাকার মৃত নজিবদ্দীনের ছেলে। তিনি পেশায় পাথর ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানায়, গতকাল সকাল থেকে প্রচ- বৃষ্টিপাত হচ্ছিল। ঘুম থেকে উঠে শখের বসে বৃষ্টিতে ভিজতে ভিজতে করতোয়া নদীতে মাছ ধরতে গেলে বজ্রপাতে নদীর বালুতে পড়ে যান তিনি।

অপরদিকে, নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে আরজু মিয়া  (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সান্দিকোনা  ইউনিয়নের সাতবারুকা গ্রামের পুকুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

আরজু সাতবারুকা গ্রামের আবদুল হাইয়ের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি ইটাখলায় শ্রমিকের কাজ করতেন।