জাতীয় স্কুল ক্রিকেটে দিনাজপুরের কিশোরদের হাসি

ফতুল্লায় বৃষ্টি শেষে খেলা যখন শুরু হলো চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যাচে ফেরার একটা ক্ষীণ আশা জাগে। প্রতিপক্ষ দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়ের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যটা তখন মোটেও কঠিন ছিল না। ২০ ওভারে চাই মাত্র ৫৩ রান। চাঁদপুরের দরকার ছিল ৭ উইকেট। আত্মবিশ্বাস নিয়ে লড়াই করে দিনাজপুরের ৪ উইকেট তুলে নেয় চাঁদপুর গনি স্কুলের ক্রিকেটাররা। তবুও শেষ রক্ষা হয়নি। ৩০.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের শিরোপা জয়ের উল্লাসে মাতে দিনাজপুর। বৃষ্টিবিঘ্নিত ফাইনালে আগে ব্যাট করে চাঁদপুর ৫০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রান তুলেছিল। জবাবে দিনাজপুর ২০ ওভারে ১০৫ রান তোলার পর বৃষ্টি নামে।

মুষলধারে বৃষ্টিতে তখনই শিরোপা উল্লাস শুরু করেছিল দিনাজপুরের ছেলেরা। খেলা না হলে তারাই যে জিতত। বৃষ্টি আইনে ২০ ওভারে তাদের ৯৯ রান করতে হতো। ওপেনার আবদুর রউফ (৪৮), মারুফ হাসান (২৩) ও আইনুলের (১১) ব্যাটে চড়ে বৃষ্টির আগেই ১০৫ করে ফেলে তারা। ওই সময় ফাইনাল হার ভেবে মুষড়ে পড়েছিল চাঁদপুর গনি স্কুল। তবে বৃষ্টি থামলে ঘণ্টাখানেক পর খেলা আবার শুরু হয়। তাতে জয়ের সুযোগও তৈরি হয় দলটির সামনে। শেষ পর্যন্তু সুযোগ আর ধরা দেয়নি। শাহরিয়ারের ২৪ রানে ২০১৪ স্কুল ক্রিকেটের রানার্সআপরা এবার শিরোপা জিতেই থামল।