বার্মিংহাম টেস্ট গড়িয়েছে শেষ দিনে। জয়ের পাল্লা কোনদিকে, সেটা এখনই নিশ্চিত নয়। একবার অস্ট্রেলিয়ার দিকে হেলে তো পরমুহূর্তেই আবার ইংল্যান্ডের দিকে ঝুকে। তবে দুই দলই রোমাঞ্চটা জমিয়ে রেখেছে শেষ দিনের জন্য।
মঙ্গলবারই জানা যাবে অ্যাশেজ সিরিজে জয় দিয়ে শুরু হচ্ছে কোন দলের। কারণ, শেষ দিনে জিততে হলে অজিদের করতে হবে ১৭৪ রান, আর ইংলিদের শিকার করতে হবে ৭ উইকেট।
চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে তাসমান সাগর পাড়ের দেশটির সংগ্রহ ১০৭ রান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান উসমান খাজা অপরাজিত আছেন ৩৪ রানে। তার ১৩ রানে ব্যাট করছেন স্কট বোল্যান্ড।
ডেভিড ওয়ার্নার ফিরে গেছেন ৩৬ রান করে। প্রথম ইনিংসের মতো ব্যর্থ মার্নাস লাবুশানে ফিরেছেন ১৩ রান করে। আর স্টিভ স্মিথ আউট হয়েছেন ৬ রান করে।
প্রথমে ব্যাট করতে নেমে ৩৯৩ রানে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে যায় ২৭৩ রানে। আগের ইনিংসে অজিদের ৩৮৬ রানে বেধে ফেলায় ৭ রানের লিড পায় তারা। তাতে প্যাট কামিন্সদের লক্ষ্য দাঁড়ায় ২৮১ রানে।
ইংল্যান্ডের তিনটি উইকেটের দুটিই শিকার করেছেন স্টুয়ার্ট ব্রড, অন্যটি নিয়েছেন অলি রবিনসন।