ডিআইজি পরিচয়ে প্রতারণা মাদক কারবার, গ্রেপ্তার ২

পুলিশের ডিআইজি ও তার পিএস এবং পুলিশের কর্মকর্তা পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের প্রধানসহ এক সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চক্রের প্রধানের কাছ থেকে একটি গণমাধ্যমের ভুয়া পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলো গাজীপুরের কালীগঞ্জ থানার নগরভেলা গ্রামের দ্বীন ইসলাম ওরফে শাওন এবং তার সহযোগী জেলার কেতুন এলাকার হৃদয় আহমেদ। তারা দুজন দীর্ঘদিন ধরে এ পরিচয়ে সাভার-আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল।

গোয়েন্দা পুলিশ জানায়, প্রতারক চক্রের প্রধান দ্বীন ইসলাম ওরফে শাওন ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল। সে সাভার থানা এলাকায় মাদক কারবার পরিচালনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিজেকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পরিচয় দিত।