গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় বেতন-বোনাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফের অবরোধ করে বিক্ষোভ করেছেন এক পোশাক কারখানার শ্রমিকরা। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।
গাজীপুর মেট্রোপলিটন ও শিল্প-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কর্র্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। তবে দুপুরের মধ্যে বেতন-বোনাস না পেয়ে শ্রমিকরা আবার মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। সে সময় পুলিশ তাদের বাধা দিলে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় ছয় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। এর আগের দিন গত রবিবারও শ্রমিকরা বেতন-বোনাস দাবিতে বিক্ষোভে করেন।
শ্রমিকদের দাবি, মে মাসের বেতন, চলতি মাসের হাফ বেতন ও গত মাসসহ জুন মাসের ওভারটাইমের টাকা তাদের দিতে হবে। গত রবিবার মালিক পক্ষের ঘোষণা অনুযায়ী গত মে মাসের ওভারটাইমের টাকা গতকাল সকালে পরিশোধ করার কথা ছিল। সকালে শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগ দেন। এ সময় কারখানা কর্র্তৃপক্ষ তাদের সঙ্গে অসদাচরণ করে। পরে ওভারটাইমের টাকা না পেয়ে তারা কারখানার সামনে বিক্ষোভ মিছিল করেন।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা বজলুর রহমান জানান, গত রবিবার শ্রমিকদের বলা হয়েছিল, গতকাল ওভারটাইমের টাকা পরিশোধ করা হবে। কিন্তু কারখানা মালিক টাকা জোগাড় করতে একটু দেরি হওয়ায় শ্রমিকরা আবারও বিক্ষোভ শুরু করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, কর্র্তৃপক্ষর সঙ্গে আলাপ করে শ্রমিকদের জানানো হয় দুপুরের পর তাদের ওভারটাইমের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হবে; এমন আশ্বাসে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ তুলে নেন।