ঈদুল আজহার ছুটি ঘোষণা করল পাকিস্তান

পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (২০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়, আগামী ২৯ জুন থেকে ০১ জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০তম দিনে পড়ে। আর পবিত্র আরাফাত দিবস পালন করা হয় জিলহজ মাসের নবম দিনে।

ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হজ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলিম সৌদি আরবের মক্কায় হজ পালন করতে যান।