জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২০জুন) জামালপুরের গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী এ হত্যা মামলার হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ, গত বুধবার (১৪জুন) রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাংবাদিক নাদিম। পথে বকশিগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তার ওপর হামলা করে। এ সময় তাকে মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে বেদম মারধর করা হয়। এতে অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে সাংবাদিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরের দিন সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ হত্যাকাণ্ডের ঘটনায় গত শনিবার (১৭জুন) দুপুরে সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় প্রধান আসামি হিসেবে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, তার ছেলে ফাহিম ফয়সাল রিফাতসহ ২২জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০ থেকে ২৫ জনকে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ১৩জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। গত রবিবার বিভিন্ন মেয়াদে ১৩জন আসামির রিমান্ড মঞ্জুর করে আদালত। গত দুই দিন ধরে বকশিগঞ্জ থানায় পুলিশ ওই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল।
এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোহেল রানা দায়িত্বে ছিলেন।