চলতি বছরের মতো আগামী বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষাও হবে পরিমার্জিত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে। গতকাল মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, এ বছর যে পাঠ্যসূচিতে পরীক্ষা হচ্ছে, আগামী বছরও সেই পাঠ্যসূচিতে এইচএসসি পরীক্ষা হবে। অন্যদিকে আগের মতো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না। এবার থেকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা হবে। এ ছাড়া ফলাফলের ভিত্তিতে অষ্টম শ্রেণি পাসের সনদও দেবে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে আগের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে রেজিস্ট্রেশন করতে হবে। বৈঠকে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রমুখ।