গাজীপুর মহানগরীর কাশিমপুর সারদাগঞ্জ এলাকায় মাদকাসক্ত ছেলের পিটুনিতে জখম হওয়া বাবা ওসমান গনি (৭০) মারা গেছেন। গাজীপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে থাকার পর গত সোমবার রাতে বাড়িতে নিয়ে আসা হলে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। এর আগে গত শনিবার মাদকের টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে জখম করে ছেলে শরিফুল ইসলাম (৩০)।
পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ হাবিব মার্কেট এলাকার বাসিন্দা মো. ওসমান গনিকে গত শনিবার রাতে পিটিয়ে জখম করে তার ছোট ছেলে শরিফুল ইসলাম। গুরুতর অবস্থায় তাকে গাজীপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।
কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম বলেন, লাশের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।