দলবদ্ধ ধর্ষণের শিকার নারী শ্রমিক

গাজীপুরের শ্রীপুরে এক নারী শ্রমিক (২০) কর্মস্থল থেকে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণে শিকার হয়েছেন। গত সোমবার রাতে তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একটি জুতা প্রস্তুতকারী কারখানায় কাজ শেষে অন্য এক সহকর্মীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে শ্রীপুর থানায় তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের যুগিরসিট গ্রামের দেলোয়ার হোসেন (২৩) ও একই ইউনিয়নের শিমুলতলী গ্রামের ইমন হোসেন (২২)। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সোমবার রাতে ভালুকার নিজ কর্মস্থল থেকে অন্য এক সহকর্মীর সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই নারী শ্রমিক। ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে তাদের পথরোধ করে দেলোয়ারসহ তার সহযোগীরা। এক সময় সঙ্গে থাকা সহকর্মী বাধা দিলে তাকে মারধর করে কৌশলে জোর করে তুলে নিয়ে নির্জন স্থানে পালাক্রমে ধর্ষণ করে। শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজলু মোহাম্মদ নাসিম জানান, ধর্ষণের শিকার ওই নারী ৩ জনের নামে মামলা করেছেন। দ্রুত সময়ের মধ্যে পুলিশ অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।