স্বামীকে কুপিয়ে খুন করে ৯৯৯-এ ফোন

আজ বৃহষ্পতিবার (২২ জুন, ২০২৩) ভোর সোয়া ৪টায় ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার সাদেক খান রোডের লিটনের বাড়ি নামে একটি তিনতলা ভবনের নিচতলায় বানু বেগম নামে এক নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, তিনি তার স্বামীকে দা দিয়ে কুপিয়ে খুন করেছেন। তিনি আত্মসমর্পন করতে চান। তাই তিনি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানোর জন্য ৯৯৯ নম্বরে ফোন করেছেন।

৯৯৯ কলটেকার কনস্টেবল তানভীর তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। আজ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ ঘটনা জানান।

তিনি আরও লেখেন, সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শামীম মিয়া (৪০) নামে ওই ব্যক্তির মৃতদেহ সুরতহাল করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করে এবং হত্যার দায়ে অভিযুক্ত বানু বেগম (৩১)-কে গ্রেপ্তার করে।

প্রাথমিকভাবে জানা যায়, বানু বেগম নিহত শামীম মিয়ার দ্বিতীয় স্ত্রী। তিনি জানান, যৌতুকের জন্য তার স্বামী তাকে প্রায়ই মারধর করতেন, অতিষ্ঠ হয়ে তিনি তাকে হত্যা করেন বলে জানান।

এ-সংক্রান্ত একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।