নিকুঞ্জে গভীর রাতে দোকান চালু রেখে জনবিশৃঙ্খলা: গ্রেফতার ১

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পিএম

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ টানপাড়ায় গভীর রাতে দোকান খোলা রেখে জনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সরোয়ার (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে খিলক্ষেত থানা-পুলিশ। আটক সরোয়ারের বাবার নাম জাহাঙ্গীর শিকদার এবং মায়ের নাম পারুল বেগম। তাঁর বাড়ি মাদারীপুরের কালকিনি থানার বাসগাড়ি এলাকায়।

পুলিশ জানায়, গভীর রাতে দোকান খোলা রেখে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে তাঁকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অধ্যাদেশে অভিযোগ দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সম্প্রতি নিকুঞ্জ টানপাড়া এলাকায় রাত ১২টার পর সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে খিলক্ষেত থানা। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাতের বেলায়  মাদকের ভয়াবহতা রোধ, চুরি ছিনতাইসহ নানারকম অপরাধ প্রবণতা কমানোর লক্ষ্যেই এ নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রাত গভীর পর্যন্ত কিছু দোকান খোলা থাকায় সেখানে আড্ডা, মাদকসেবন ও মাদক কেনাবেচাসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের সুযোগ তৈরি হয়। ফলে রাত ১২টার পর দোকানপাট বন্ধ রাখার উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এলাকাবাসী।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, “জননিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। রাত ১২টার পর দোকান বন্ধ রাখার নির্দেশ বাস্তবায়নে পুলিশ মাঠে থাকবে। 

গভীর রাতে দোকান খুলে কেউ জনশৃঙ্খলা নষ্ট করলে কিংবা মাদকসহ কোনো অপরাধের সুযোগ তৈরি করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি আরও বলেন, “নিকুঞ্জ টানপাড়ার মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কোনো ব্যক্তি বা ব্যবসায়িক স্বার্থের কারণে জননিরাপত্তার সঙ্গে আপস করা হবে না। সবার আগে জনস্বার্থ।”

পুলিশ জানিয়েছে, নিকুঞ্জ টানপাড়া এলাকায় রাত ১২টার পর দোকানপাট বন্ধের বিষয়টি নিয়মিত নজরদারি করা হবে। জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত