আরেকটি অ্যাওয়ার্ডের তালিকায় মেসি

দারুণ মৌসুম কাটিয়েছেন লিওনেল মেসি। দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপ। এ ছাড়া পিএসজিতে জেতেন লিগ শিরোপাও। এমন সাফল্যে ব্যক্তিগত পুরস্কার হিসেবে এরই মধ্যে পেয়েছেন ফিফা দ্য বেস্ট, লরিয়েস অ্যাওয়ার্ড।

মেসি এবার মনোনয়ন পেলেন ইএসপিওয়াই (ইস্পি) অ্যাওয়ার্ডের জন্য। তিনটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সেগুলো হলো - সেরা অ্যাথলেট, টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স আর বিশ্বের সেরা সকার (ফুটবল) খেলোয়াড়।

আমেরিকান টিভি ব্রডকাস্টার এবিসি এই অ্যাওয়ার্ড দিয়ে থাকে। সেরা সকার খেলোয়াড়ের পুরস্কারের জন্য মেসির সঙ্গে মনোনয়ন পেয়েছেন আর্লিং হালান্ডও।

মেসি এর আগে ইস্পি সেরা আন্তর্জাতিক অ্যাথলেটের পুরস্কার পেয়েছেন ৩ বার। সবশেষ পেয়েছেন ২০১৯ এ। তবে এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি চার বার পুরস্কার পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।