তামিমের ব্যথা সারছেই না

এক কোমরের ব্যথায় বিরাট প্রশ্নের মুখে তামিম ইকবালের মাঠে নামা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগেই পুরনো পিঠের ব্যথা ফিরেছিল কাল হয়ে। তাই খেলতে পারেননি একমাত্র টেস্ট ম্যাচ। টেস্টের সময়টা ব্যাটিং অনুশীলন করে গেলেও ওয়ানডে সিরিজের আগে আবার সেই ব্যথায় কাবু তামিম।

কাল মিরপুরে অনুশীলনে দলের সঙ্গে পুরো সময় থাকতে পারেননি। পিঠের ব্যথায় কুঁকড়ে গিয়ে পিঠে হাত দিয়েই ছেড়েছেন মাঠ। ফিল্ডিং অনুশীলন তো বটেই, ব্যাটিংও পরে করতে পারেননি তামিম। এ নিয়ে দুশ্চিন্তা টিম ম্যানেজমেন্টের। একটু সারতে উঠলেই তামিমের ব্যথা আবার ফিরছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। তামিমকে আবার ইংল্যান্ডে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে কি না সেটাও এখন ভাবনার টেবিলে আছে। পুরোপুরি সেরে না উঠলে ঈদের পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও নিয়মিত অধিনায়ক অনিশ্চয়তায় পড়বেন।

এদিকে তামিমের ব্যথার দিনে আরও দুই ওপেনার ব্যথা পেয়েছেন। লিটন দাস ব্যাটিং করতে গিয়ে থ্রোয়ারের ছোড়া বলে হাতে আঘাত পান। ব্যথা সহ্য করতে না পেরে ব্যাট ছুড়ে ফেলেন। এছাড়া নাঈম শেখও একটি বল ঠিকঠাক সামলাতে না পেলে হাঁটুর একটু ওপরে আঘাত পান। তবে জানা গেছে এ দুজনের চোট গুরুতর না।