হাট কাঁপাতে আসছে ‘বীর বাহাদুর’

এবার কোরবানির হাট কাঁপাতে আসছে বগুড়ার ‘বীর বাহাদুর ওরফে রাজাবাবু’। বীর বাহাদুরের ওজন ১৬শ’ কেজি অর্থাৎ ৪০ মণ।

শামসুল আবেদীন সবুর নিজ সন্তানের মত লালন করা বীর বাহাদুরের দাম হাঁকিয়েছেন ১০ লাখ টাকা।

বগুড়া শহরের রহমান নগরের কাজীখানা মোড়ে আবেদীন দুগ্ধ খামারে চার বছর আগে জন্ম হয় বীর বাহাদুর ওরফে রাজাবাবুর। তখন থেকে প্রাকৃতিকভাবে গরুটিকে লালন পালন করা হচ্ছে। বীর বাহাদুরকে পরিচর্চাকারী ওমর ফারুক বলেন, জন্ম নেওয়ার পর থেকে প্রাকৃতিক উপায়ে বীর বাহাদুরকে বড় করা হচ্ছে। খাবার হিসেবে ভুষি, খৈল, ঘাসসহ প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়। খামারে অন্য গরুগুলোকে যে খাবার দেওয়া হয় তাই খাওয়ানো হয়। তাপদাহের কারণে বীর বাহাদুরকে দিনে ৩ বার শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। দুটি ফ্যান রয়েছে যা ২৪ ঘণ্টা চলে।

বীর বাহাদুর ওরফে রাজাবাবুর মালিক শামসুল আবেদীন সবুর জানান, প্রায় ৩০ বছর ধরে আবেদীন দুগ্ধ খামারে দুধ উৎপাদন করা হয়। গত ৪ বছর আগে ফ্রিজিয়ান জাতের বীর বাহাদুরের জন্ম হয়। তখন থেকে শখ করে অতি আদরে ও যত্নে তাকে বড় করে তোলা। কোন প্রকার ফিড বা ওষুধ ছাড়া প্রাকৃতিক উপায়ে বড় করে তোলা হয়েছে। বীর বাহাদুরের ওজন এখন ১ হাজার ৬শত কেজি। দাম ১০ লাখ টাকা চাওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৭ লাখের উপরে দাম উঠেছে।

হাটে এর থেকে কম ওজনের গরুর দাম আরও বেশি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রাকৃতিক উপায়ে বীর বাহাদুরকে বড় করা হয়েছে।বর্তমান বাজার দরে খরচ হিসেব করে দাম নির্ধারণ করা হয়েছে। লাভ করার উদ্দেশ্যে নয় বরং খরচ পোষাতে দাম ১০ লাখ টাকা ধরা হয়েছে।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ জানান, বগুড়ায় বীর বাহাদুর ওরফে রাজাবাবু নামে একটি গরু রয়েছে। যার ওজন ১৬০০ কেজি। দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। গরুটি প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে জেলায় এ বছর কোরবানির জন্য খামারিরা ৭ লাখ ৩৬ হাজার ৪৯৫টি পশু প্রস্তুত করেছেন বলে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে। গত বছরের তুলনায় চলতি বছরে ২২ হাজার পশু বেশি প্রস্তুত রয়েছে।

বগুড়া প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম জানান, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধ ব্যবহার না করে দেশি খাবার খাইয়ে চলতি বছর জেলায় পশু মোটাতাজা করার জন্য কৃষক ও খামারিদের পরামর্শ দেওয়া হয়েছে। জেলায় চাহিদার তুলনায় বেশি পশু লালন-পালন হয়। বাড়তি পশু বিভিন্ন জেলায় চলে যায়।