নাটোরের নলডাঙ্গা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণের সময় সুবিধাভোগীদের ওপর হামলা ও মারপিটের ঘটনায় পৌর মেয়র মনিরুজ্জামান মনিরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) রাত ১১টার দিকে আহত মিঠুনের মা মর্জিনা বেগম বাদী হয়ে নলডাঙ্গা থানায় এই মামলা করেন। মর্জিনা বেগম পৌরসভার পূর্ব সোনাপাতিল গ্রামের বাসিন্দা।
মামলার আসামিরা হলেন, মেয়রের ভাতিজা উপজেলার ছাতারভাগ গ্রামের সাগর মণ্ডল (৩০), ব্রহ্মপুর পূর্বপাড়া গ্রামের রহিদুল ইসলাম (৪৫) এবং তার ছেলে নিশান প্রামানিক (২২), নীলডাঙ্গা গ্রামের মো. রুবেল (৩৫) ও হলুদঘর জাঙ্গালপাড়া গ্রামের মো. মিলন (৩৮)। এ ছাড়া অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামি করা হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, মেয়র মনিরুজ্জামান মনিরসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ৮/১০ জনকে অভিযুক্ত করে মর্জিনা বেগম মামলাটি দায়ের করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পুলিশ অভিযানে নেমেছে।