চনপাড়ায় ফের দুই গ্রুপের গোলাগুলি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের দুই গ্রুপের মাঝে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। পরে পুলিশ অভিযান পরিচালনা করে ৪২টি রামদা উদ্ধার করেছে।

শুক্রবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ৬নং ওয়ার্ডের বাদল মিয়ার ছেলে বাবলু (২৫) ও আজাহারের ছেলে মাসুদ (২১)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চনপাড়া স্থানীয় মানুষসহ সবার কাছেই আতঙ্কের নাম। এখানে আধিপত্য ও ক্ষমতা ধরে রাখতে প্রতিনিয়ত চলে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা। শুক্রবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়হান গ্রুপ ও জয়নাল গ্রুপের মাঝে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে গুলি, ইটপাটকেল ছুড়তে থাকে। এসময় জয়নাল গ্রুপের বাবলু ও মাসুদ নামে দুইজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। এর আগে এসকল সংঘর্ষ ও গোলাগুলিতে বেশকয়েকজন মারাও গেছেন।

গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় ভর্তি করা হয়েছে। এর আগেও চনপাড়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গত কয়েক মাস ধরেই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র উত্তপ্ত হয়ে রয়েছে। প্রতিনিয়ত চলছে জয়নাল গ্রুপ, ইয়াছমিন গ্রুপ, শমসের গ্রুপ, রায়হান গ্রুপ, শাহাবুদ্দিন গ্রুপসহ কয়েকটি গ্রুপের অস্ত্রের মহড়া। এছাড়া চলছে সংঘর্ষ, বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট। গত ১১ এপ্রিল জয়নাল গ্রুপ, শমসের গ্রুপ ও শাহাবুদ্দিন গ্রুপের মাঝে রাতভর সংঘর্ষেরও ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। পরে গত ৩০ এপ্রিল পুলিশ চনপাড়ায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ১৩ জনকে আটক করে ও মাদক উদ্ধার করে।

পরে আবারও গত ১১ মে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জয়নাল গ্রুপ, শমসের গ্রুপ ও শাহাবুদ্দিন গ্রুপের মাঝে সংঘর্ষেও ঘটনা ঘটেছে। এ ঘটনায় সৈয়দ নামে একজন গুলিবিদ্ধসহ তিন পক্ষের ২৪ জন আহত হয়। প্রতিনিয়ত এসকল সংঘর্ষের ঘটনার কারণে চনপাড়ায় সাধারণ মানুষ আতঙ্কে দিন পার করছে।

চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশীদ বলেন, শুক্রবার দুপুর ১ টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৪ নং ওয়ার্ডের নবকিশালয় স্কুলের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় মাসুদ ও বাবলু নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনার পর চনপাড়ায় অভিযান পরিচালনা করে ৪২টি রামদা উদ্ধার করা হয়।