মাহাদী আমিন 

বিনিয়োগ বান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনা রয়েছে

আপডেট : ১০ মে ২০২৬, ০৭:৪৫ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ বান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনা রয়েছে। যেখানে নতুন কোন প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের জন্য কোন দুর্নীতি হবে না। অনেকগুলো ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে না। তিনি বলেন, স্ট্রিম লাইন প্রসেসের মাধ্যমে ওয়ানস্টপ সলিউশন নিশ্চিত করতে চাই। বাংলাদেশে বিদেশী বিনিয়োগের মূল ভিত্তি হবে কিভাবে আমরা কর্মসংস্থান করবো তার ওপর।

রবিবার (১০ মে) বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন বোনাস ও ছুটি প্রদান বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠানে যোগদান করেন। 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব প্রমুখ।

মাহাদী আমিন বলেন, সরকার আড়াই হাজার কোটি টাকা নীতিগত সহায়তা দিয়েছে ইনটেনসেটিভের মাধ্যমে যাতে ফ্যাক্টরি মালিকরা পুরো সহযোগিতা পান। ঈদুল ফিতরের সময় আমরা যেমন আন্তরিকতা, একাগ্রতার মাধ্যমে সবাই মিলে কাজ করে সফলতা পেয়েছিলাম তেমনি ঈদুল আজহাতেও সফলতা পেতে চাই।

তিনি বলেন, আমাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী প্রতিরাতে স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেছেন। মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। এমনকি মালিকদের বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানেও ছুটে গেছেন যাতে শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার পায়। কর্মসংস্থান সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধিসহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করাই বিএনপির রাজনীতি।

তিনি আরও বলেন, আমরা বিনিয়োগ বান্ধব বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যাতে দেশী বিদেশী বিনিয়োগকারীরা হয়রানির শিকার না হয়। নারায়ণগঞ্জের ব্যবসা বাণিজ্যের হারানো গৌরব ফিরিয় আনতেও বর্তমান সরকার নানা পরিকল্পনা গ্রহণ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত