নাটোরের নলডাঙ্গা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণের সময় সুবিধাভোগীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় পৌর মেয়র মনিরুজ্জামান মনিরসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
হামলায় আহত মিঠুনের মা পৌরসভার পূর্ব সোনাপাতিল গ্রামের মর্জিনা বেগম গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নলডাঙ্গা থানায় এ মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন, মেয়রের ভাতিজা সাগর ম-ল, রহিদুল ইসলাম ও তার ছেলে নিশান প্রামাণিক, মো. রুবেল ও মো. মিলন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে নলডাঙ্গা পৌরসভা কার্যালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ চলছিল। লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করছিল তিন শতাধিক মানুষ। এ অবস্থায় দুপুর ১টার দিকে লাইনে থাকা শাহীন, মিঠুন, রানা, রাজিবসহ অন্তত ২০ সুবিধাভোগীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পৌরসভা থেকে বের করে দেন মেয়র মনিরুজ্জামান, তার সহযোগী রহিদুল, নিশান, মিলন, রুবেল, সাগরসহ বেশ কয়েকজন। তখন লোকজন বাধা দিতে গেলে তাদের ওপর চড়াও হন তারা। এ সময় ক্ষুরের আঘাতে মনিরুল ইসলামসহ চারজন আহত হন। ওই চারজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।