সেপটিক ট্যাংকে নেমে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

রংপুরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করার সময় দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরীর কেরানীরহাট চেয়ারম্যানের মোড় ছিট কেল্লাবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রংপুর সদর উপজেলার হরিদেবপুর এলাকার আবদুল মান্নানের ছেলে হুমায়ূন আহমেদ (৩২) ও নগরীর বক্তিয়ারপুর এলাকার শামসুল হকের ছেলে লিটন মিয়া (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নামেন রাজমিস্ত্রী হুমায়ূন আহমেদ। সেখানে জমে থাকা গ্যাসে অচেতন হয়ে পড়লে তাকে বাঁচাতে সেখানে নামেন আরেক শ্রমিক লিটন মিয়া। সেপটিক ট্যাংকে অক্সিজেন স্বল্পতাসহ জমে থাকা গ্যাসের প্রভাবে শ্বাসকষ্টে দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ মরদেহগুলো রংপুর মেট্রোপলিটনের হাজিরহাট থানায় নিয়ে যায়।

হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে নেমে কাজ করার সময় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।